ফতুল্লায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজের ভেতরে ঢুকে চালককে খুনের পর দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলির গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত. গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলির গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন এবং রাতে গ্যারেজের ভেতরে ঘুমাতেন।

বিজ্ঞাপন

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, ৩/৪ দিন যাবত শুক্কুর আলির গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪ কন্যাসন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রি খোরশেদ জানিয়েছেন হারেজ খুন হয়েছে।

গ্যারেজ মিস্ত্রি খোরশেদ জানান, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোন সাড়া শব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত লাশ। এরপর গ্যারেজ মহাজনকে জানাই। মহাজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন