তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। রাত গভীর হলেও শ্রমিকরা সড়ক ছেড়ে না যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মে মাসের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বারবার তারিখ পরিবর্তন করে আসছে। জুন মাসও প্রায় শেষের দিকে চলে এলেও তারা এখনও মে মাসের বকেয়া বেতন পাননি।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, গত মাসের বেতন এখনও পাইনি। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। জুন মাসের বেতন দেওয়ার সময় চলে এসেছে, অথচ মে মাসের বেতনই বাকি রয়েছে। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

শ্রমিক লাইলী বেগম বলেন, আমরা কষ্ট করে কাজ করছি, কিন্তু বেতন না পেয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দোকানে বাকি বেড়েছে, বাসাভাড়া দিতে পারছি না। না খেয়ে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।

এদিকে মহাসড়কে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়। ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রী মুসান্না সাকিব বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকে আছি। শ্রমিকদের ন্যায্য দাবি থাকলেও এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই বেতন পরিশোধ করা মালিকপক্ষের দায়িত্ব। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, রাত ১০টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টা পর্যন্ত অবরোধ চলছিল। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছিল এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন