নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দোকান কর্মচারী খুন

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দোকান কর্মচারী খুন

নরসিংদী শহরতলির হাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুদের ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল (২৮) নামের এক দোকান কর্মচারী খুন হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোজাম্মেল নরসিংদী বাজারে চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাসা থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে তার বন্ধু কাউসার ও তার সহযোগীরা পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল মারা যান।

বিজ্ঞাপন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মোজাম্মেলের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মনোমালিন্যের মতো তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি হাজীপুরে ভাড়া বাসায় থাকতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন