মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যাচ্ছিল। একই লেনে চলাচলরত ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিএমএফ পরিবহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় বিএমএফ পরিবহনের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়েছিল। তবে দ্রুত দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

