নানাবাড়িতে চলছে ইফতারের আয়োজন। ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন মা। কিন্তু এর আগেই মায়ের সামনে ছেলের জীবন কেড়ে নিলো ডাম্প ট্রাক।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। রোববার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদা লিঙ্ক সড়কে ট্রাকচাপায় প্রাণ হারান সাব্বির ব্যাপারী। আহত হন মিম বেগম। নিহত সাব্বির চান্দ্রা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম ব্যাপারীর ছেলে।
এদিকে, এ ঘটনায় ট্রাকে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা শাহ আলম।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, মাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে নানার বাড়ি যাচ্ছিলেন সাব্বির। সলিলদা লিঙ্ক সড়কে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। আহত মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

