সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান।

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও ঈদগাহ এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাসটির মালিক ও মামলার বাদী মো. আল-আমিনের দাবি, তিনি তার ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমানের সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের একটি বাস পরিচালনা করেন। বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটনের নেতৃত্বে অন্যান্য আসামিরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন বাদী। এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন।

এজাহারে লিটন ছাড়াও আসাদুল্লাহ, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, নাতিয়া মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আব্দুল, মাসুম বিল্লাহ পৃথিবী, আবুল কালাম আবু, আরিফ হোসেন ও স্বপনসহ ১৮ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন