আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

শিল্প এলাকা আশুলিয়ার জামগড়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চৌরাস্তা দাদা মার্কেট এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিকট শব্দে বয়লার বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে পড়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, ‘আমরা খবর পেয়ে ভাঙা রাস্তার যানজট এড়িয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। আপাতত আগুন নেভানোর কাজ শুরু করেছি, এর বেশি কিছু এখন বলা যাচ্ছে না।’

প্রীতি গ্রুপের লাইনম্যান লিটন মিয়া মুঠোফোনে জানান, ‘আমাদের কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলছিল। মাগরিবের নামাজের পর হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসি।’

লিটন মিয়া জানান, একটি বয়লার বিস্ফোরিত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারছেন না।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে ৮টা বেজে গেছে এবং বেশ দেরি হয়েছে। তবে আমরা কাজ শুরু করেছি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন