জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যে আশা-ভরসা নিয়ে সংবিধান পরিবর্তনের জন্য নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে গণরায় দিয়েছিল, তার বাস্তবায়ন চায়। সরকার গঠনের প্রথম ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের কথা। কিন্তু সে সময় অতিবাহিত হলেও সংবিধান সংস্কারের কাজে বিন্দুমাত্র পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার।
শুক্রবার দুপরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যেকোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদেই সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কারকাজ করা। দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর বিকল্প কিছু থাকবে না।
গোলাম পরওয়ার বলেন, জাতি দীর্ঘ ১৮ বছর জ্বালাও-পোড়াও, হরতাল-ধর্মঘটে অতিষ্ঠ। তাই এ পরিস্থিতি থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির।
দিল্লিতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, হাসিনা দেশে ফিরবেন কি না, এটা আইনি বিষয়। স্বৈরাচার সরকার জুলাই-আগস্টের সময় সাধারণ মানুষের ওপর যে নিষ্ঠুরতা, বর্বরতা ও হত্যাকাণ্ড চালিয়েছে, লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, এমনকি হেলিকপ্টারে করে গুলি চালিয়ে দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, সে ক্ষত এখনো শুকায়নি। তারা যে অন্যায় করেছে, তার বিচার হতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার সংবিধান মানেনি। জনগণ তাদের দেশত্যাগ করতে বাধ্য করেছে। বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার হবে কি না, এটা এখন জনগণ সিদ্ধান্ত নেবে। এটা কোনো দলের একার সিদ্ধান্ত নয়। জুলাই গণঅভ্যুত্থানই বলে, ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মানে না। গণভোটের রায় এটাই প্রমাণ করেছে।
গোলাম পরওয়ার বলেন, এ দেশের সব রাজনৈতিক গন্ডগোল পাকানো আর জুলুম করানোÑরিমোট কন্ট্রোলের মাধ্যমে সবকিছু তো দিল্লি করছে। সব আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে থাকার সুযোগ দিচ্ছে দিল্লি।
নরসিংদী জেলা জামায়াতের সংগঠক ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেনÑকেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

