ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইউপি নির্বাচনের আগে গ্রেপ্তার থেকে বাঁচতে দলীয় পদ-পদবি ছেড়েছেন মো. কামরুজ্জামান খোকন মিয়া। তিনি উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গতকাল মঙ্গলবার বিকেলে নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় সব পদ থেকে ইস্তফার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে খোকন মিয়া স্বীকার করেন যে, তার পদত্যাগের পেছনে কেবল পারিবারিক বা ব্যক্তিগত কারণ নয় বরং আসন্ন ইউপি নির্বাচনের সুদূরপ্রসারী রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে একটি মহল আমাকে গ্রেপ্তার করানোর চক্রান্ত করছে বলে আমার ধারণা। নির্বাচনের আগে কারাগারে গেলে প্রচার-প্রচারণা ও প্রার্থিতা বাধাগ্রস্ত হতে পারে। তাই নির্বাচনি প্রস্তুতি নির্বিঘ্ন করতে আগেই আওয়ামী লীগের পদ থেকে সরে দাঁড়িয়েছি। দলের স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাকে পদত্যাগের অনুরোধ করে আসছিল। তাই নির্বাচনি দৌড়ঝাঁপ শুরুর আগেই কোনো প্রকার আইনি ও রাজনৈতিক জটিলতা এড়াতে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
খোকন মিয়ার এমন বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে অনেকেই শুধু দলীয় পদত্যাগ হিসেবে না দেখে আসন্ন নির্বাচনে নিজের অবস্থান নিরাপদ রাখার আগাম কৌশল হিসেবে বর্ণনা করছেন।
তবে বিরোধী বা অন্য কোনো রাজনৈতিক দলের চাপ কিংবা প্ররোচনার অভিযোগ নাকচ করে খোকন মিয়া বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও নির্বাচনি সমীকরণ বিবেচনার স্বাধীন সিদ্ধান্ত।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

