কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মো. সোহাগ নামে এক গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম। উদ্ধার হওয়া সোহাগ কাজীবাড়ির ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে আরও কয়েকজনসহ একসঙ্গে গোসল করতে পুকুরে নামেন গাড়িচালক মো. সোহাগ। অন্যরা গোসল শেষ করে পুকুর থেকে ওঠার সময় সোহাগকে পুকুরে থাকা শাপলা ফুল তুলতে দেখতে পায়। পরে দুপুর গড়িয়ে বিকেলেও সোহাগকে না পেয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করে। খবর পেয়ে শনিবার সকালে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সোহাগের লাশ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, শনিবার ভোরে খবর পেয়ে চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি টিমও অভিযানে সহযোগিতা করে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

