আড়াইহাজারে রামদা ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই

আড়াইহাজারে রামদা ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই
সেই মোটর সাইকেলটি। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক মোটরসাইকেল চালক। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় তিন দুর্বৃত্ত রামদা দেখিয়ে তার পথরোধ করে মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর নাম ফারুক আহমেদ (৪৭)। তার বাবার নাম আলাউদ্দিন বিশ্বাস। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায়। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি এলাকায় বসবাস করেন। তার মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৬৮-০৮৫৯।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত দেড়টার দিকে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত তাঁ পথরোধ করে। এ সময় তাদের হাতে দুটি বড় রামদা ছিল। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা তার কাছ থেকে দুটি দামি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। পরে তার মোটরসাইকেলটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে জরুরি কাগজপত্র ছিল।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন