গণপিটুনিতে নিখোঁজ আরেক ডাকাতের মরদেহ মাদারীপুরের কীর্তিনাশা নদীতে ভেসে উঠেছে। এই মরদেহ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এর আগে রোববার একই স্থান থেকে আরেক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ডাকাতি করতে এসে স্থানীয় গণপিটুনিতে নিহত হন দুই ডাকাত সদস্য। এতে স্থানীয়দের ডাকাতরা গুলি ছুঁড়লে ৮ জন গুলিবিদ্ধ হয়। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিয়ে গণপিটুনি দিলে আহত হয় ৭ ডাকাত। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরিয়তপুর দুই জেলার সীমানাবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্তরা। স্পিডবোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টায় তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হাত বোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীর ওপর গুলি করে। এতে আহত হন অন্তত ৮ জন। এখবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারও ধাওয়া দেয় স্থানীয়রা। পরে কীর্তিনাশা নদীর তেতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় ৭ ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরিয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যায় এবং ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে একজন মারা যায়। এদের মধ্যে নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ও আনোয়ার দেওয়ানের বাড়ি শরিয়তপুরের জাজিরায়। অন্য দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার দুপুরে ডাকাতদের আরে একজনের মরদেহ পাওয়া যায়। এতে ডাকাতদের নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোকছেদুর রহমান বলেন, স্থানীয়রা একটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

