কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই পড়ে ইয়াছিন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রিয়ান (১৭) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আচমিতা ইউনিয়নের ইন্দোয়াইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। আহত রিয়ান একই গ্রামের শহিদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ইয়াছিন তার বন্ধু রিয়ানকে নিয়ে মোটরসাইকেলে করে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাংকুলপাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইয়াছিন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ইয়াছিন নামে এক যুবক নিহত এবং রিয়ান নামে আরেক যুবক আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

