ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারুল। পরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মনোয়ারের বাবা জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল এসে তাদের পাঁচতলা ভবনের চারতলায় প্রবেশ করে তল্লাশি চালায়। তখন পুলিশ তার মেয়ের ছেলে শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করে। এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। তার কিছুক্ষণ পরই বিকট শব্দে বাসার নিচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান।
এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নিচে নেমে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, রংপুরের পীরগাছায় ১৫ বছর বয়সি এক তরুণীকে অপহরণের দায়ে নিহতের ভাগনে শাহরিয়ার কবির সৌমিককে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় মামা মনোয়ারও আসামি ছিলেন।
পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মণ থানার রিকুইজেশন নিয়ে সাভার মডেল থানায় এলে সাভার থানার একজন এসআইকে নিয়ে আসামিকে ধরতে যান। পরে আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়।
নিহতের বাবা জাফর আলী সুষ্ঠু তদন্তসাপেক্ষ ছেলে হত্যার বিচার দাবি করেছেন। ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার অবিলম্বে মনোয়ার হোসেন বকশী হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


