ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোশারফ হোসেন ঋণের দায় থেকে মুক্তি পেতে প্রথমে স্বর্ণালংকার লুট করেন। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় হত্যা করেন বাড়ির মালিকের স্ত্রীকে।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজুয়ান সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। তিনি নিহত নাজমা আলম নাজুর একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পরিকল্পিতভাবে নাজমা আলম নাজুর ঘরে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

পুলিশের দেওয়া তথ্যমতে, নাজমা আলম নাজুর ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে নেওয়ার চেষ্টা করেন মোশারফ হোসেন। এক পর্যায়ে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নাজমা আলম নাজুকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তদন্তে সংগৃহীত বিভিন্ন আলামত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

গত রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...