ফরিদপুরের সদরপুর উপজেলায় রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত রফিকুল ইসলাম উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সীর গ্রামের সেক শুকুর আলীর ছেলে।
ঘটনার ব্যাপারে নিহত রফিকুল ইসলামের দুলাভাই রুবেল মিয়া জানান, রফিকুল পারিবারিক কোনো কাজকর্ম করত না। এ নিয়ে পারিবারিকভাবে প্রায়ই ঝগড়া হতো। তাকে কোনো কাজে দিলে সে কাজ না করে বাড়িতে চলে আসত। সবশেষে তাকে ঢাকায় রংমিস্ত্রির কাজে দেওয়া হয়েছিল। সে কিছুদিন আগে কাজ না করে ঢাকা থেকে বাড়ি চলে আসে।
সোমবার রাত ৮টার দিকে রফিকুল নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার এসআই আফজাল হোসেন বলেন, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা করার পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

