বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদুল ইসলাম। আর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের সাবেক এইচআরডি সম্পাদক আমিনুল ইসলামকে।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও নরসিংদী জেলার তত্ত্বাবধায়ক সাইদুল ইসলাম নতুন কমিটির ঘোষণা দেন।
তাওহীদুল ইসলামের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সংগঠক ইব্রাহিম ভূঁইয়া এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আমিরুল ইসলাম।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় তাওহীদুল ইসলামের নাম ঘোষণা করা হলেও জেলা সেক্রেটারি মাহফুজকে কেন্দ্রীয় দায়িত্বে স্থানান্তর করা হয়। একই সঙ্গে জেলা অফিস সম্পাদক রাকিবুল ইসলামকে বিদায় জানানো হয় এবং অর্থ সম্পাদক হাফেজ শাহীন মিয়াকেও কেন্দ্রীয় দায়িত্বে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দের জন্য শুভকামনা জানিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করা হয়।
নরসিংদী জেলা ছাত্রশিবিরের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের দাওয়াহ, শিক্ষা, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা আরও গতিশীল ও শক্তিশালী হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

