রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভুইয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়ানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার বিকালে পূর্বাচল উপশহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান এ অভিযোগ করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, 'রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার যুবদল নেতা বাদল ভুইয়া ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর সমর্থিতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গত ১০ জুন রাতে ব্যবসায়ী মামুন ভুঁইয়া নিহত হন। এর পর থেকে জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্মীয় পরিচয় দিয়ে নানা অপপ্রচার করা হচ্ছে।
জাহিদুল ইসলাম বাবু আমার কোনো আত্মীয় নন। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে অপকৌশলে হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে জড়ানোর ষড়যন্ত্রে একটি চক্র লিপ্ত রয়েছে। আমি সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত নই, সেখানে উপস্থিতও ছিলাম না। আমাকে মামলায় আসামিও করা হয়নি। অথচ আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে মিথ্যা, বানোয়াট, অমূলক, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবসায়ী মামুন ভুঁইয়ার হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদ, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহ্বায়ক নাঈম মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম, রুহুল আমিন ও আদনান শরীফ মীর প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

