মানিকগঞ্জে হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জে হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরের পাশে মোনাজাত করছেন বিমান ও পর্যটন মন্ত্রী ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলার গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিমান ও পর্যটনমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বা য়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সদস্যসচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।

এর আগে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদ, হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহম্মেদ আমিনী, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে. কর্নেল জহিরুল ইসলামসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

এ উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট ও ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজিত হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।

আফরোজা খানম রিতা কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন ও মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এরপর মানিকগঞ্জে এই প্রথম মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার বেডের আইসিইউ ইউনিটের উদ্ধোধন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।

এদিন স্মৃতিচারণ করতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমার বাবা ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবনদর্শন আমার চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি। বাবা ও মা আমাদের দুই বোনকে ভালোবাসতেন অপরিসীম। তাদের অভাব আমাকে প্রতিনিয়তই নাড়া দেয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন