ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার মুখে পড়েছেন তিন মোটরসাইকেল আরোহী। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করেছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে শৃঙ্খলাপূর্ণভাবে জ্বালানি তেল বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসিব হাসান খান।

বিজ্ঞাপন

মনিটরিং চলাকালে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হলে তিনজন চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন। এ অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইন মানার প্রবণতা বৃদ্ধি করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসিব হাসান খান বলেন, “জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি চালকদের মধ্যে আইন মানার প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...