আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জুমার পর জামিয়ার সাবেক শিক্ষার্থীসহ তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মিছিলটি শহিদি মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আতহার আলী (রহ.) ও মাওলানা মুসলেহ উদ্দিনকে নিয়ে অপমানসূচক শব্দ ব্যবহার করেছেন ফজলুর রহমান। কটূক্তিমূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি এ কিশোরগঞ্জে আসতে পারবেন না।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আনজার শাহ, রহমতউল্লাহ, নাজিম উদ্দিন, সিরাজুল হুদাসহ স্থানীয় ইমাম ও তৌহিদি জনতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

