আশুলিয়ার শ্রীপুরে ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখল নিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাদরাসায় থাকা নগদ অর্থ লুটপাট ও সিসিটিভির কন্ট্রোলার নিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার বিকেলে আসরের নামাজের পর আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদরাসা ও আছিয়া আশরাফ মহিলা মাদরাসায় এ হামলা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে মাদরাসার পেছনের দিক দিয়ে শতাধিক মানুষ হেলমেট ও মাস্ক পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী জানান, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ এই হামলা চালিয়েছে। এ সময় ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন ও ল্যাপটপ লুট করে নিয়ে যায় ।
তিনি বলেন, ‘হাসান, হুমায়ুন এবং ছোট জাকির মাদরাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।’
ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‘আমি ঢাকায় একটি মিটিংয়ে আছি। খবর পেয়েছি দারুল ইহসান ট্রাস্টের মাদরাসায় সংঘর্ষ হয়েছে। ট্রাস্টি বোর্ডের পরিচালনা নিয়ে এবং মাদরাসার সামনের কিছু দোকানের দখল নিয়ে এই ঝামেলা হয়ে থাকতে পারে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

