মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ ভারত বর্ষার সময় পানি দিয়ে মারবে, খরা মৌসুমে খরা দিয়ে মারবে এবং সুরমার পানি আটকে সিলেটকে উজাড় করে দেবে—আমরা তা হতে দিতে পারি না। সেজন্যেই আমরা চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছি।’
রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের মাটির ওপর দিয়ে আপনারা চলবেন অথচ ট্যাক্স দেবেন না, তা হতে পারে না। আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। আমাদের ভূরাজনৈতিক অবস্থান এমন যে, কেউ আমাদের চোখ রাঙালে লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারো নেওয়ার ক্ষমতা নেই।’
তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে যাদের রাজনীতি করা নিষিদ্ধ, যাদের অতীত ইতিহাস খুন, গুম ও লুণ্ঠনের, সেই মানুষগুলো যদি আমাদের গণতান্ত্রিক যাত্রাপথে বাধা হতে চায়, তবে আপনাদের প্রতি নির্দেশ থাকবে—বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেওয়া যাবে না।’
সাম্প্রতিক গ্যাসের সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরের বাম দিক থেকে মিয়ানমার গ্যাস তুলছে, ডান দিক থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের গ্যাসসহ নিয়ে যাচ্ছে তা উনারা এতদিন দেখেননি। কারণ তাদের গুরুজনরা রেগে যাবেন, সে কারণে তারা গ্যাস তোলেননি। আর আজকে গ্যাসের অভাবে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলে আলাপ করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছেন। সেই গ্যাস দিয়েই আমরা বিদ্যুৎ উৎপাদন করব।’
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

