মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার রাত ৯টার দিকে শিবচর উপজেলার বাজারের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের জয় বাংলা ব্রিজ সংলগ্ন নাসির মাদবরের ছেলে। তিনি একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে এবং পৌর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। হঠাৎ করে কয়েকজন যুবক রাকিবের উপর হামলা চালায়। এসময় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।
হামলাকারীদের আঘাতে রাকিব সড়কে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত ৬ মে শত্রুতার জেরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইবনে সামাদ মারা যান। ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন রাকিব।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। পূর্ব শত্রুতার জেরে এই হামলা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

