আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুর-১ আসন শিবচরে নারী ভোটারের উপস্থিতি বেশি

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর-১ আসন শিবচরে নারী ভোটারের উপস্থিতি বেশি

মাদারীপুর-১ শিবচর আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিবচর আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি। ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। সবার আগে ভোট দিতে লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা ছিল তরুন ভোটারদের মধ্যে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার কিছু পরপরই স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের ভোট দেওয়ার প্রতিযোগিতা লক্ষ করা যায়। মাদারীপুর-১ শিবচর আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে উৎসবমুখর চিত্র।

বিজ্ঞাপন

মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলায় ১০২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবারই প্রথম ভোটার হয়েছেন এমন ভোটাররা জানিয়েছেন, প্রথম ভোট দিতে সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। দুটি ব্যালটে প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে উৎসবের আমেজ রয়েছে ভোটকেন্দ্রে।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া দুজন হিজড়া ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১০২টি। মাদারীপুর-১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা (রিক্সা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু (ফুটবল), কামাল জামান নুরুউদ্দিন মোল্লা (জাহাজ) ও ইমরান হাসান (হরিন)।

সকাল থেকেই ভোট কেন্দ্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে । নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন