আড়াইহাজারে মাছের জালে উঠে এলো শর্টগান

আড়াইহাজারে মাছের জালে উঠে এলো শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। পরে পুলিশ সেটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকে যায়। বিষয়টি জানাজানি হলে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানার পুলিশের। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, শর্টগানটি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এত দিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন