গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা না পেয়ে ববিতা খাতুন (৩৫) নামের এক পোশাককর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন তার স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে টঙ্গীর পাগাড় হাজী মার্কেট এলাকায়।
এলাকাবাসী মাদকাসক্ত স্বামী খোকনকে (৪২) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
আহত ববিতা পাগাড় এলাকার সিরাজুল ইসলামের ভাড়া বাসায় থাকেন। ‘এচিমন’ নামক একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন তিনি। তার স্বামী খোকন পেশায় একজন রিকশাচালক।
স্থানীয়রা জানান, খোকন ও ববিতা দম্পতি বেশ কিছুদিন ধরে পাগাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালেও ববিতার কাছে নেশা করার জন্য টাকা চান খোকন। টাকা না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুরে খাবার খেয়ে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে খোকন ববিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, কাঁধ ও হাতে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ববিতার বাঁ হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় ববিতার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোকনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে ববিতাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ববিতার স্বামী খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

