ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

 ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
ছবি: আমার দেশ

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক শেখ খাজা মাইনুদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে একটি ধানক্ষেতের পাশে কৃষকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেন (৩০) ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাইনুদ্দিন। শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন জমির মালিক জাকির। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কৃষকের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী মিলন বলেন, নিহত কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন