দেশের মৎস্যসম্পদ বিশেষ করে জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি জেলেদের প্রতি আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য বিশেষ অনুরোধ জানান।
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিকসহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠান’ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পদ্মা নদীর ১৫১টি জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে প্রায় দুই লাখ ইলিশের জন্ম হওয়া সম্ভব। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশকে সব দিক থেকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’
জেলেদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অভিযানের এ ২২ দিন আপনাদের কষ্টের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ সময়টুকু নদীতে জাল না ফেললে পরবর্তী সময়ে এ ইলিশ আপনারাই ধরবেন এবং লাভবান হবেন। তাই মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে হবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

