পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দুই দিন আগে লেবাননে ইসরায়েলি হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে দিপালী খাতুন নামে আমাদের দেশের একজন নারীও রয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে দিপালির বোন ও তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। লেবাননে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এখন ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই যে, এই মুহূর্তে দিপালীর মরদেহ আনা সম্ভব। তবে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে আমাদের মিশন কাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণ, মন্দির সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
শামা ওবায়েদ বলেন, নিহত দিপালী আমার নিজ জেলা ফরিদপুরের চরভদ্রাসনের মেয়ে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব প্রবাসী যেন নিরাপদে থাকতে পারেন, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট রয়েছে। আমরা তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের চেষ্টা করছি। লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরতে পারছেন না, তাদের দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও যারা আসতে চান, তাদেরও আনার ব্যবস্থা করা হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ আটজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফিরে আসা বেকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রেমিট্যান্স যোদ্ধা যারা চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তারা যেন পুনরায় কোনো কাজে যুক্ত হতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে। আমরাও এ বিষয়ে সচেষ্ট আছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় কর।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান