নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ডাঙ্গার চরকা টেক্সটাইল কারখানার পাশে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান ব্যাপারীর ছেলে মিহাদ ইসলাম ও সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান আসাদ।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী বলেন, টেক্সটাইল কারখানার পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন চার বন্ধু। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যান মিহাদ ও আসাদ। পরে তাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অভিযানের এক ঘণ্টা পর মিহাদের লাশ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে আসাদের লাশ উদ্ধার করা হয়।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

