মাদারীপুরের ডাসারে মানবপাচার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে ডাসার উপজেলার কমলাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বর।
ভুক্তভোগী মিনারা বেগম বলেন, ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে আমার ছেলে মো. আল-আমিন খানকে লিবিয়া পাঠান ফরহাদ-শুভ। লিবিয়ায় নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র। এ ঘটনায় গত রোববার পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।
ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মামলার পর অভিযান চালিয়ে ফরহাদ ও শুভকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

