সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যু

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ (শহিদ চেয়ারম্যান) মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে শিবচর পৌরসভার কলেজ রোড এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদুল ইসলাম শহিদ শিবচর বাজারের নন্দকুমার মোড় থেকে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি আটক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ, চালকের পরিচয় এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিহত মো. শহিদুল ইসলাম শহিদ শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘শহিদ চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুবাদে এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চলছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. কালাম মল্লিক, সদস্যসচিব মো. আজমল হোসেন সেলিম খান এবং পর বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খান।

এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...