রূপপুর প্রকল্পের নামে কিশোর গ্যাংয়ের দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

রূপপুর প্রকল্পের নামে কিশোর গ্যাংয়ের দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে ২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার ইসলাম মন্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৭) ও দীপ্ত ইসলাম (২৫)। তারা একটি কিশোর গ্যাংয়ের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

প্রতারণার এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় মামলা দায়ের হলেও ঘটনাটি বুধবার সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) ও ইএসকেএম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিত চক্রটি। পরে ভুয়া কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার), মালামাল কেনা, বিল পাস এবং ভ্যাট-ট্যাক্স পরিশোধসহ বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিত তারা।

এভাবে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়ার বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ বিন ছালামের কাছ থেকে নগদ ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৪ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে মামলা করা হয় গত ৩ সেপ্টেম্বর। মামলা দায়েরের পর তদন্তে নেমে তিনদিন পর গত ৬ সেপ্টেম্বর আসামি দীপ্ত ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আরেক আসামি সুপ্ত ইসলাম জীবন গত ৬ জুলাই অস্ত্র নিয়ে চার সহযোগীসহ র‍্যাবের হাতে আটক হয়ে জেলহাজতে রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্চয় চক্রবর্তী বিষয় গুলো নিশ্চিত করে জানান, প্রতারণার পাশাপাশি চক্রটির সদস্যরা মাদক কারবারেও জড়িত ছিল। গ্রেপ্তার দীপ্ত ইসলাম আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ বলেন, দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাংয়ের এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। মামলার এজাহারের ভিত্তিতে তদন্ত করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন