সংস্কারের নামে উন্নয়নের ছবক শোনাচ্ছে সরকার: দুদু

সংস্কারের নামে উন্নয়নের ছবক শোনাচ্ছে সরকার: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ১০ মাস হতে চলেছে। কিন্তু এখনো আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে পারেনি। সাধারণ নির্বাচনের কোনো রূপরেখা পাচ্ছি না৷ এই সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে আমাদের। যতোদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যাবে না, ততোদিন পর্যন্ত ফ্যাসিবাদ সরকারকে দাফন করা সম্ভব হবে না। যতোদিন পর্যন্ত আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততোদিন পর্যন্ত সংকট দূর হবে না।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল আহব্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদস্য সচিব নাসির উদ্দিন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শামসুজ্জামান দুদু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। দশ বছর রাজনৈতিক জীবনে কোন দুর্নীতি করেননি। তার কোনো ব্যক্তিগত সম্পদ ছিলো না, ছিলো না কোনো ব্যাংক একাউন্ট। তাই বর্তমান সরকারের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করা।

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সরকারের সঙ্গে আমরা আছি। কিন্তু সরকার যেনো ভুল পথে না যায় সেজন্য আমরা সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের সাথে থাকতে হবে। দেশ, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। তা না হলে ফ্যাসিবাদের পতন ঘটাতে আমাদের যে হাজার ছেলে-মেয়েরা জীবন দিয়েছে, সেই ফ্যাসিবাদের বিচার করতে হবে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে। এমন কোনো বক্তব্য দেয়া যাবে না যে বক্তব্যের কারণে আমাদের মধ্যে ফাটল ধরে। ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। লড়াইটাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন