টঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

টঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে একটি তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিমা আক্তার (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ হোসেন গুরুতর আহত হয়েছেন।

রবিবার দুপুরে টঙ্গী বিআরটি প্রকল্পের উড়াল সড়কের চেরাগআলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাসিমা আক্তার মাদারীপুরের শিবচর থানার বাসিন্দা। আহত পুলিশ সদস্য সাঈদ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।

দুর্ঘটনার পর পরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ এবং নিহতের মরদেহ উদ্ধার করে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে পুলিশ কর্মকর্তা সাঈদ হোসেন ও তার ভাবি নাসিমা আক্তার মোটরসাইকেলে করে গাজীপুরের কামারজুড়ি এলাকার বাসা থেকে ঢাকায় যাচ্ছিলেন। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের চেরাগআলী অংশে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি তেলবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নাসিমা আক্তার মারা যান। এ সময় গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা সাঈদ। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা আহত অবস্থায় সাঈদকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন