নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা টাকা চাঁদা দাবির মামলায় মহানগর কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান। তিনি জানান, ‘চাঁদাবাজির অভিযোগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার পদে কর্মরত মো. রফিকুল ইসলামের কাছে গত ১ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে আরো বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাকে ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

