চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা বহিষ্কার

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কার্যকলাপে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো রূপ যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার পদে কর্মরত মো. রফিকুল ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। এ সময় ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন রফিকুল।

অভিযোগে বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাকে ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত ১ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে ফয়সালসহ ১০-১২ জন ডিপোতে প্রবেশ করে আবারো ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন