ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক যুদ্ধ চালাতে হবে: শামা ওবায়েদ

ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মক যুদ্ধ চালাতে হবে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনও আমরা ভোটাধিকার পাইনি। আমাদের অনেক ভাই-বন্ধু ভোট দিতে পারেননি। নির্বাচনকে তামাশায় পরিণত করেছেন শেখ হাসিনা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।

রোববার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, হাসিনা চলে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তবে সবচেয়ে দুঃখজনক হলো গত ১৫ বছর যারা আমাদের মাঝে ছিল না, যাদের কখনো কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি। তাদের ঘাড়ের ওপরে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরতে চাইছে।

তিনি বলেন, মিথ্যা মামলায় আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ছয়টি বছর কারাগারে রাখা হয়েছিল। বন্দি অবস্থায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলেও আমরা শুনেছিলাম। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তাকে জামিন দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বড় ত্যাগ করেছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু, আজম খান, ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন