মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে।
পরে খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের ৫ বছরের এক শিশুকে সম্প্রতি বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায় একই গ্রামের হাবুল শিকদার (৫৭)। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার গা ঢাকা দিয়ে থাকেন। পরে হাবুল শিকদার ওই বিষয়টি নিয়ে আপস-মীমাংসা করার জন্য এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করতে থাকেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় ওই গ্রামের প্রায় ৫ শতাধিক লোকজন ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। একপর্যায়ে এই মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হাবুল শিকদারের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

