ফরিদপুরের ভাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপি যোগদান করেছেন। শুক্রবার রাতে উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের অফিসে তার হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান এবং আলিয়ুজ্জামান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সম্প্রতি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে আওয়ামী পন্থী বিভিন্ন সংগঠনের মিছিল-সমাবেশ এবং শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে বিএনপি নেতা কাইয়ুম মোল্লা বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ এড়াতে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিএনপিতে যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

