এনসিপির পথসভা ঘিরে মানিকগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

এনসিপির পথসভা ঘিরে মানিকগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) মানিকগঞ্জে পদযাত্রায় আসছে দলটি।

বিজ্ঞাপন

সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জ উপস্থিত হবেন। শহরের ভাষাশহীদ রফিক চত্বরে পথসভায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে পদযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং ও মাইকিং করা হচ্ছে। তৈরি হয়েছে মঞ্চ।

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় অর্ধশত নেতাকর্মী মানিকগঞ্জে আসবেন বলে জানা গেছে।

এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। তবে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের পদযাত্রা বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন এবং পর্যাপ্ত সহযোগিতা করছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, গোপালগঞ্জ যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আমাদের পুলিশের অতিরিক্ত সতর্কতা নেওয়া আছে। গত রাত থেকেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন