আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা, ৭ পুলিশ আহত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা, ৭ পুলিশ আহত
ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানার পুলিশের এক নারী সদস্যসহ মোট সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজমাওনা গ্রামের মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিলকে (২২) গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে।

স্থানীয় শ্রীপুর থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় তাদের স্বজনেরা ‘ভুয়া পুলিশ’ ও ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয় এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ কনস্টেবল জাকির হোসেন, বাচ্চু মিয়া, কামরুল হাসান, ফাতেমা আক্তার, মোজাম্মেল হোসেন ও হাসানুর রহমান আহত হন।

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফজলুল হক সুমন জানান, আহত সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেছেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আসামি দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তার করে আনার সময় তাদের স্বজনদের হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...