শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা ঐতিহ্যবাহী সংগঠন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

শনিবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা ও নির্বাচন পর্ব শেষে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম সানি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা-র সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আয়-ব্যয়ের হিসাব এবং বার্ষিক কার্যক্রমের প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাঈম মেহেদী, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ, কোষাধ্যক্ষ সাদেক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম, তাজুল ইসলাম সানি ও মাসুদ রানা।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উৎসাহ প্রদান এবং সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যুতে সংগঠনটির সক্রিয় ভূমিকা সাংবাদিক মহলে প্রশংসিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সেলিম শেখ বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।”

সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, “বস্তুনিষ্ঠ, নৈতিক ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করা হবে।”

সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, “তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে সংগঠনকে আরও শক্তিশালী এবং আধুনিক ধারার সাংবাদিকতা চর্চার উপযোগী করে গড়ে তোলা হবে।”

নতুন কমিটি গঠনের খবরে শ্রীপুরের সাংবাদিক সমাজে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...