আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি আসামি

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি আসামি
ছবি: সংগৃহীত

মাদারীপুরে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের মাথায় কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার দুই দিন পর মামলা হলেও গ্রেপ্তার হননি আসামিরা।

দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আহতের স্বজনেরা।

বিজ্ঞাপন

আহত যুবক রবিন বেপারী (২৮) মাদারীপুর সদর উপজেলার কালিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দুধখালী গ্রামের সোলেমান বেপারীর ছেলে। ঘটনাটি বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রবিন বেপারীর আপন চাচা বাবুল বেপারী। বাবুল বেপারীর চাচাতো ভাই আমির হোসেন বেপারীর ছেলে সৌরভ বেপারী বৃহস্পতিবার সকালে একটি পুকুর খনন করে মাটি পাশে থাকা বাবুল বেপারীর পুকুরের মধ্যে ফেলছিলেন। এতে পুকুর ভরাট হয়ে যাওয়া দেখে বাবুল বেপারী তার চাচাতো ভাইয়ের ছেলে আমির হোসেন বেপারীকে পুকুরে মাটি ফেলতে নিষেধ করেন।

এ নিয়ে বাবুল বেপারী ও আমির হোসেন বেপারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তখন আমির হোসেন বেপারীর পক্ষ নিয়ে বাড়ির পাশের প্রতিবেশী শাহাদাত মাতুব্বর বাগ্‌বিতণ্ডায় যোগ দেন। এর জের ধরে ওই দিন রাত ১০টার দিকে বাবুল বেপারী ও তার ছেলে সৌরভ বেপারী, আহত রবিন বেপারী ও তার বাবা সোলেমান বেপারী লোকজন নিয়ে এলে আমির হোসেন বেপারীর ও শাহাদাত মাতুব্বর লোকজন নিয়ে হামলা চালান।

এ সময় রবিন বেপারীর মাথা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত রবিনের চাচা বাবুল বেপারী বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এই বিষয়ে হাসপাতালে বেডে শুয়ে আহত রবিন বেপারী মোবাইল ফোনে বলেন, ‘আমাকে শাহাদাত মাতুব্বর লোকজন নিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমি কথা বলতে পারছি না। আমার চাচা বাবুল বেপারী একটি মামলা করেছেন। তবে এ ঘটনার মূল হোতা শাহাদাত মাতুব্বর এখনো গ্রেপ্তার হয়নি। অন্য আসামিরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পুকুরের মাটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। দুই পক্ষই থানায় মামলা দিয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তবে অভিযোগের বিষে একাধিকার আমির বেপারী ও শাহাদাত মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। অভিযুক্ত শাহাদাত মাতুব্বর কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে এর আগেও এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন