শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার শামন্তসার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বাবুল হোসেন বলেন, দলের মাধ্যমে চাল বিতরণের জন্য ২০০ কার্ড দেন ইউপি চেয়ারম্যান। আমরা সেই কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করি। কিন্তু সোমবার রাতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যকে নিয়ে আমাদের বিতরণকৃত কার্ডের চাল দিতে নিষেধ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে চাল দেওয়ার আশ্বস্ত করেন।
একপর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় নান্টুর ভাগিনা হাবিব খানের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা কবির হোসেন ব্যাপারীসহ আমরা তিনজন আহত হই।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফের ৬০০ কার্ড নিয়েছেন
প্যানেল চেয়ারম্যান। এর মধ্য থেকে ২০০ কার্ড বিএনপির নেতাকর্মীদের বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আজ চাল বিতরণে বাধা দেন বিএনপি নেতা মোবারক ঢালী সমর্থিত কবির মাওলানা, বাবুল মাস্টারসহ বেশ কিছু লোক। এতে সাধারণ মানুষের সঙ্গে তাদের হাতাহাতি হয়। ককটেল বিস্ফোরণ ঘটেছে কিনা আমি বলতে পারবো না।
গোসাইরহাট উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসান উল্যাহ বলেন, শামন্তসার ইউনিয়নের জন্য ৬০০ কার্ড সরকারিভাবে বরাদ্দ করা হয়। এর মধ্যে চেয়ারম্যানের পক্ষ থেকে বিএনপি নেতা কবির মাওলানার গ্রুপ ২০০ ও বিএনপি নেতা আক্তার হোসেন নান্টু খান ২০০ পান। বাকি কার্ড ইউপি সদস্যরা বিতরণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

