স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, হেলথ কার্ড, কৃষি কার্ডসহ সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় প্রধামন্ত্রী জনহিতকর কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ পর্যায়ক্রমে এর সুফল পাচ্ছে। আমাদের সম্পদ সীমিত। আর এই সীমিত সম্পদকে কাজে লাগিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরলস চেষ্টা করছি।
গতকাল শনিবার বিকেলে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি চক্র দেশের সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে সেই স্বাধীনতার অপব্যবহার করছে। সত্যের পরিবর্তে যাতে কেউ মিথ্যা প্রচার করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে, ভুয়া ভোট, টাকার বিনিময়ে ভোট ও মৃত ব্যক্তির ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছিল। কিন্তু আমরা সেভাবে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। জনগণের সরাসরি ভোটে, কোটি কোটি মানুষের সমর্থনে, দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তারেক রহমান সরকার গঠন করেছেন। আমরা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করেছি। কারো দয়ায় কিংবা ভোটের কারচুপির মাধ্যমে নয়; সঠিক ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি, তাই আমাদের কাজ করার কিছুটা সময় ও সুযোগ দিতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান আহমেদ, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আ. ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়া, যুবদলের সাবেক আহ্বায়ক নিছার আহমেদ খান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান এবং ছাত্রদল সভাপতি নাজমুল আলম সোহাগসহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন এবং শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। পরবর্তীতে তারা ছয়দরিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

