‘অর্জিত বিপ্লবের চেতনা নস্যাৎ করছে কিছু গোষ্ঠী’

‘অর্জিত বিপ্লবের চেতনা নস্যাৎ করছে কিছু গোষ্ঠী’

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের চেতনাকে নস্যাৎ করছে কিছু গোষ্ঠী। গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তাই যেকোনো অপশক্তি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলার চর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চর উজিলাব ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জুয়েল বলেন, দেশে দ্রুত নির্বাচন দিতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের কার্যক্রমকে এগিয়ে নেবেন নির্বাচিত প্রতিনিধিরা। এছাড়া ৩১ দফার আঙ্গিকে দেশকে পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, ধর্ষণের সঙ্গে জড়িতরা মানুষ নামের কলঙ্ক। তাদের মানুষ বলা যায় না। এসব অপকর্মকারীদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে আইনের সংশোধন এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এসএম শৈবাল হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন