রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ছে ২২ কেজি ওজনের একটি বড় কতল মাছ। মাছটি পরে উন্মুক্ত নিলামে ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য আসে। সেখানে উন্মুক্ত নিলামে মাছটি ক্রয় করেন ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
জানা গেছে, জেলে রবিন হালদার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন।
ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি টান পড়ে। পরে জাল তুলে জেলেরা দেখতে পায় বড় একটি কাতল মাছ আটকা পড়েছে। এরপর মাছটি বিক্রির জন্য রবিন দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামে তোলা হয়। উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৬০০ টাকায় স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয়। আবার প্রবাসী ভাইয়েরাও কিনে থাকে। সকালে ২২ কেজি কাতল নিলামে উঠলে আমি ৩৯ হাজার ৬০০ টাকায় ক্রয় করি। এখন মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেয়া হয়েছে। কেজিতে ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেবো।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় ধীরে ধীরে পানি বাড়তে থাকায় জেলেদের জালে বড় বোয়াল, কাতল, বাঘাইড়, চিতল মাছ ধরা পড়ছে। এসব মাছ পেয়ে জেলেরাও খুশি হচ্ছেন। আমাদের জন্য আশার খবর, পদ্মায় এখনো বড় বড় মাছ আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

