দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড় মারার ঘটনায় বিশেষ অভিভাবক সভা

শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড় মারার ঘটনায় বিশেষ অভিভাবক সভা
ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার ঘটনায় রোববার বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বিশেষ অতিথি ছিলেন।

রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নি বডির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শেখ এম হায়দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: কামরুন্নাহার, অধ্যক্ষ বাবু বিশ্বজিৎ ঘোষ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন, নির্যাতনের শিকার হাবিবের মা সুমা বেগম প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় সংসদ সদস্য বিদ্যালয়ের আইনশৃঙ্খা বজায় রাখা ও পরবর্তীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে- এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া অভিযুক্ত নাহিদকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। পরে নির্যাতিত হাবিব ও তার পরিবারকে শান্তনা দেন এবং হাবিবের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১ অক্টোবর ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন ও মারধর করেন।

এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন